হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ ২০টি মানবাধিকার সংস্থা এক যৌথ বিবৃতিতে বাহরাইনে শিয়া আলেমদের বিরুদ্ধে চলমান গণবিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বুধবার আল-আহেদ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে নির্যাতন, দুর্ব্যবহার, জোরপূর্বক স্বীকারোক্তি আদায় এবং ন্যায়বিচারের মানদণ্ড লঙ্ঘনের অভিযোগ তুলে ধরা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এই বিচারপ্রক্রিয়ায় মোট ৬৯ জন আসামি রয়েছেন। তাঁদের মধ্যে ৬০ জন শিয়া আলেম এবং ৯ জন তাঁদের সহযোগী। বর্তমানে আটক ৫৬ জনের মধ্যে ৪৭ জন আলেম এবং ৯ জন সহযোগী রয়েছেন। বাকি ১৩ জন আলেমের অনুপস্থিতিতে বিচার চলছে।
স্বাক্ষরকারী সংস্থাগুলো জানিয়েছে, আসামিদের অজ্ঞাত স্থানে আটক রাখা, আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ না দেওয়া, আসামি ও তাঁদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া এবং স্বীকারোক্তিতে স্বাক্ষর করতে চাপ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। এসব নির্যাতনের অভিযোগে স্বাধীন তদন্তের পাশাপাশি জোরপূর্বক আদায় করা স্বীকারোক্তি বিচারপ্রক্রিয়ায় গ্রহণ না করার আহ্বান জানিয়েছে তারা।
এ ছাড়া বাহরাইনের কর্তৃপক্ষকে ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ, আসামিদের আইনজীবীর সহায়তা ও মামলার নথিপত্রে প্রবেশাধিকার নিশ্চিত এবং নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাগুলো। একই সঙ্গে শান্তিপূর্ণ ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।
এর আগে সোমবার বাহরাইনের বহু নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একটি মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, দণ্ডপ্রাপ্তদের অধিকাংশই শিয়া আলেম। দেশটির কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রকে দুর্বল করার অভিযোগ এনেছে।
এদিকে, মঙ্গলবার এক বিবৃতিতে বাহরাইনের একদল আলেম ও নাগরিকের বিরুদ্ধে দেওয়া বিচারিক রায়ের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে দমন-পীড়ন বন্ধ এবং বাহরাইনের জনগণের মৌলিক অধিকার সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
আপনার কমেন্ট